নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন— নকল আর চলবে না। কিন্তু ২০২৬ সালের শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছে, এই স্টান্টবাজি আর বাংলাদেশে চলবে না।”
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও হাঁটুসমান, এমনকি বুকসমান পানিতে ডুবে থাকা এলাকাগুলোর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্রে ভুল থাকার পরও কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেনি; বরং শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে আখ্যায়িত করা হয়েছে।
তিনি বলেন, “শিক্ষামন্ত্রী, আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই অনেকে আজ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষানিরীক্ষা বন্ধ করুন। যাদের সন্তান বিদেশে পড়াশোনা করে, তারা দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন না।”
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে সরকারের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই দেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে।
চলমান বন্যা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ টানা কয়েক দিন ধরে পানিবন্দি। অথচ এখনো অনেক দুর্গত এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি বলে তিনি অভিযোগ করেন।
সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সমালোচনা করেন। পাশাপাশি তিনি বলেন, দেশে গ্যাসের অবৈধ সংযোগ, ভূমি দখল ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দুর্নীতি অব্যাহত রয়েছে।
চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। যারা এই সংস্কৃতি চালিয়ে যেতে চান, তারা ভুল করছেন। জনগণ প্রয়োজনে আবারও রাজপথে নামবে।”
পথসভায় তিনি সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির পক্ষ থেকে সমর্থনের ঘোষণা দেন।
প্রতিবেদন: নাজমুল খন্দকার আবির, নারায়ণগঞ্জ।