কিশোরগঞ্জ প্রতিনিধি:মোস্তাফিজুর রহমান
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের একটি মসজিদের ইমাম মাওলানা নাসির আহমেদ প্রতিদিন প্রায় ২ কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে নামাজ পড়াতে আসতেন। তবে প্রায় এক সপ্তাহ আগে তার ব্যবহৃত সাইকেলটি চুরি হয়ে গেলে তিনি পায়ে হেঁটে মসজিদে যাতায়াত করতে বাধ্য হন। এতে তার জন্য সময়মতো মসজিদে পৌঁছানো ও নামাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
বিষয়টি জানার পর বৌলাই ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ মানবিক উদ্যোগ গ্রহণ করেন এবং ইমামের জন্য একটি নতুন সাইকেল কেনার সিদ্ধান্ত নেন। তাদের উদ্যোগে গতকাল একটি নতুন সাইকেল ক্রয় করা হয়।
আজ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, সকাল ৭:৩০ টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আজিজুল হকের উপস্থিতিতে মাওলানা নাসির আহমেদের হাতে সাইকেলটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, উপজেলা ইউনিট সদস্য শেখ মনসুর আহমেদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত মানবিক সহায়তা ইমাম সাহেব এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে প্রশংসার জন্ম দেয়। জামায়াত নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।