মো: আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
ট্রেনে ভুল স্টেশনে নেমে পথ হারানো এক নারীকে দ্রুত উদ্ধার করে নিরাপদে স্বামীর কাছে পৌঁছে দিয়েছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে স্বামীর সঙ্গে যাত্রা করা সাবিনা আক্তার ভুল করে নির্ধারিত স্টেশন মানিকখালির পরিবর্তে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়েন।
স্টেশনে নেমে ভুল বুঝতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কান্নাকাটি করতে থাকেন। বিষয়টি স্টেশন কর্তৃপক্ষের নজরে এলে তারা রেলওয়ে থানায় খবর দেন। খবর পেয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলা পুলিশের সহায়তায় ওই নারীকে থানায় নিয়ে যান।
পরে তার মোবাইল ফোন থেকে স্বামী বিপুল মিয়ার নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন ওসি ফারুকী। কিছুক্ষণের মধ্যেই বিপুল মিয়া থানায় পৌঁছে স্ত্রীকে শনাক্ত করেন এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে জিম্মায় গ্রহণ করেন।
ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, “বাংলাদেশ রেলওয়ে পুলিশ সর্বদা জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। খবর পাওয়ার সাথে সাথে আমরা নারীটিকে উদ্ধার করে নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।”