নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী এলাকায় এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । সোমবার (১৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল হামিদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদের মামা রিয়াজত আলী ভোর সাড়ে ৬টায় ঘরের দরজা খুলে দেখেন, হামিদ ঘরের কড়ির (ধর্না) সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন। রিয়াজত আলীর চিৎকারে আশেপাশের মানুষরা ছুটে এসে মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামিদ ছোট বয়সে পিতা হারান এবং নানার বাড়িতেই বেড়ে ওঠেন। নানার মৃত্যুর পর তিনি মামা রিয়াজত আলীর ফকির বাড়িতে থাকতেন। প্রায় দুই মাস আগে নরসিংদীর একটি গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। রোববার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।