তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুর জেলা পুলিশের নভেম্বর ২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম এর সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
পরে চলতি মাসে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনা হয় এবং কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মক্ষেত্রে সুবিধা–অসুবিধা ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কাছে মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় ধৈর্যসহকারে সকলের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনমুখী পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম; জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগ, কোর্ট শাখার সদস্য এবং সিভিল স্টাফগণ।