কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিলমারী থানা পুলিশ। শুক্র সকালে রমনা ঘাট থেকে রাজিবপুরগামী একটি নৌকায় করে পাচারের সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, পুলিশের দাবি—তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য যারা দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদপথ ব্যবহার করে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে আসছিল।

নদীঘাট, নৌপথ এবং চরাঞ্চলকে ব্যবহার করে অপরাধীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যেভাবে মাদক পাচার চালিয়ে যাচ্ছে, তাতে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে।

তবে প্রশ্ন রয়ে যাচ্ছে—এই চক্রের মূল হোতারা কারা? কারা তাদের রক্ষা করছে?
এখনো পর্যন্ত সেই শক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হয়নি, তারা রয়ে গেছে পর্দার অন্তরালে।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে—এই ধরনের অপরাধ যেন কঠোরভাবে দমন করা হয় এবং মাদকের মূল উৎস ও পৃষ্ঠপোষকদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।