রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও খুঁজে পাওয়া যায়নি। টানা ২৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়েও ফায়ার সার্ভিস সদস্যরা কোনো সন্ধান পাননি। ৪২ ফুট পর্যন্ত খুঁড়ে ক্যামেরা দিয়ে অনুসন্ধান করা হলেও শিশুটি দৃশ্যমান হয়নি।
ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। শিশুটি ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, তিনটি এক্সকেভেটরসহ বড় পরিসরে খনন চালানো হচ্ছে। খনন করা গর্ত থেকে একটি সুড়ঙ্গ তৈরি করে গভীর নলকূপের গর্তে প্রবেশের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তবে পানি ও কাঁদার কারণে কাজে বাধা তৈরি হচ্ছে। বুধবার দুপুরে গর্ত থেকে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও পরে আর তা শোনা যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, ৪২ ফুট গভীরে তন্নতন্ন করে খোঁজ করা হলেও শিশুর অবস্থান এখনো অজানা। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারে সময় লাগবে, তবে সর্বোচ্চ চেষ্টা চলছে।