ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলকে মোবারকবাদ ও স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত অনিশ্চয়তা, সংশয় ও সন্দেহের অবসান হয়েছে এবং জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তফসিল ঘোষণার পর জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন।
জুবায়ের বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজনের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমতল মাঠ তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা উন্নয়ন অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের হতাশাজনক নির্বাচনের পুনরাবৃত্তি জাতি দেখতে চায় না। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে জামায়াত নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি জানান। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
জুবায়ের জানান, জামায়াতসহ আন্দোলনরত আট দল নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা করবে। শেষে সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।