ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে কেন্দ্র করে দেওয়া এক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভুয়া তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়ায় এটিকে তিনি ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে উল্লেখ করেন।

শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী জানান, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নামে একটি বক্তব্য এবং একটি ছবির দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে ডাকসু ভিপি সাদিক কায়েমকে হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে এক টেবিলে চা খেতে দেখা যায়। পরে জানা যায়, উভয়টিই ছিল ভিত্তিহীন ও এআই প্রযুক্তি দিয়ে তৈরি।

বিবৃতিতে তিনি বলেন, ফ্যাক্ট চেক না করেই এসব তথ্যের ওপর ভিত্তি করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য প্রদান করা হয়। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

এর আগে ওই সভায় রিজভী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে বক্তব্য দেন এবং অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ডাকসু ভিপির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন।

এ প্রসঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, আলোচিত ছবিটি সম্পূর্ণভাবে এআই জেনারেটেড। যাচাই ছাড়া এমন ছবি সত্য ধরে নিয়ে বক্তব্য দেওয়ায় তিনি রুহুল কবির রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।