মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল যুব ম্যারাথন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ–সায়েন্সল্যাব হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে ম্যারাথনটি শেষ হয়। এতে অর্ধ লক্ষাধিক তরুণ অংশগ্রহণ করেন।

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। তিনি বলেন, এই রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, খুন ও অন্যায়ের বিরুদ্ধে। তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা দেন।

তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে কোনো ধরনের কারিগরি ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। কালো টাকার প্রভাব দিয়ে জনগণকে কেনার চেষ্টা সফল হবে না, কারণ মানুষ এখন অনেক বেশি সচেতন ও দেশপ্রেমে উজ্জীবিত।

আমীরে জামায়াত তার বক্তব্যে অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বারবার ক্ষুণ্ন হয়েছে। এসব অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, “রাজপথে বিজয়ে—চলো একসাথে বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নতুন ধারার রাজনীতির বার্তা দিচ্ছে যুব ম্যারাথন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।