‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় ইতিহাসের বিরল দৃশ্যের অবতারণা হয়। মানুষের ঢল নেমে আসে, পরিণত হয় স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজায়।

জানাজার নামাজে ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই ডা. আবু বকর সিদ্দিক। তিনি বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব। কান্নাভেজা কণ্ঠে তার ইমামতিতে লাখো মানুষ প্রিয় নেতার আত্মার মাগফিরাত কামনায় হাত তোলে।

এর আগে শনিবার সকালে দরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোকমিছিলসহ শহীদ হাদির মরদেহ সংসদ ভবন এলাকায় আনা হয়। পথে পথে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও শহীদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ হাদির ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দোয়ার আহ্বান জানান। পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আবেগঘন কণ্ঠে শহীদের আদর্শ ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শহীদ শরিফ ওসমান হাদির বিদায়ে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে তার সংগ্রাম, সাহস ও আত্মত্যাগ।