রিফাত হোসেন মেশকাতঃ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :

দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ের ভিত্তিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন আব্দুস সবুর পিন্টু।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে এক ভোটে বিজয়ী ঘোষণা করেন। তবে ফলাফল নিয়ে আপত্তি তুলে আব্দুস সবুর পিন্টু ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেন।
পাঁচ দফা পুনর্গণনার পরও তাঁকে এক ভোটে পরাজিত দেখানো হয়। এরপর ২০২১ সালের ১৫ ডিসেম্বর তিনি জয়পুরহাট জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৫ অক্টোবর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ভোট পুনর্গণনার আদেশ দেন।