নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

‘ঈদের আনন্দ হোক সবার’—এই স্লোগানকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অর্ধশতাধিক অসহায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে একঝাঁক উদ্যমী যুবক।
শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব অসহায় পরিবারের হাতে ঈদ উপহারের প্যাকেজ পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ীর কিছু তরুণ দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সহযোগিতায় প্রতি বছরই তারা অসহায়দের পাশে দাঁড়ান।
এবছরও তার ব্যতিক্রম হয়নি; উপহার সামগ্রী সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে দেন তারা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল—কাপড়, লুঙ্গি, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি, সেমাই, পিঠা, নুডুলস, সাবান, গুঁড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী।

কার্যক্রম বাস্তবায়ন কমিটির দায়িত্বে থাকা আমানুল্লাহ আসিফ মীর জানান, প্রতিবছর আমরা আমাদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। আমাদের এই উদ্যোগে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেন। তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও যেন এ কার্যক্রম অব্যাহত রাখতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।

এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে এটি একটি প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে।