কুমিল্লার মুরাদনগর উপজেলার অনন্তপুর গ্রামে সম্পত্তির লোভে এক বৃদ্ধা মাকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই আপন ছেলে মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বৃদ্ধা মা হাসেনা বেগম, তিনি মরহুম শহিদুল ইসলামের প্রথম স্ত্রী। জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মনির তার বাবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে হাসেনা বেগমের শেষ সম্বল ভিটেবাড়ি দখল করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মনির সম্প্রতি বাড়িতে গিয়ে তার মাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুঁজে পেলে মারধর করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় বৃদ্ধা মা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, মনিরের কাছে এলাকার বিভিন্ন মানুষের প্রায় ৩০ লাখ টাকার পাওনা রয়েছে। তবে দীর্ঘদিনেও তিনি কোনো টাকা পরিশোধ করেননি। এ সংক্রান্ত একটি মামলা ইতোমধ্যে বাঙ্গরা বাজার থানায় চলমান রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী হাসেনা বেগম জানান, তার ছেলে জোরপূর্বক তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে ভিটেবাড়ি বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করার পরিকল্পনা করছে। এ কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং আইনের আশ্রয় নিতে চান।

এদিকে, বৃদ্ধা মাকে মারধরের হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী আরও বলেন, “নিজের সন্তানের এমন আচরণ সমাজের জন্য লজ্জাজনক ও নিন্দনীয়।”