মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংহতি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কটিয়াদী উপজেলা শাখা।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। অথচ এখনও অনেক ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যা একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরে বলা হয়, ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো”—এই শিক্ষার বাস্তব প্রয়োগই পারে একটি মানবিক ও ন্যায়সংগত সমাজ গড়ে তুলতে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

শেষে, সংগঠনটি মহান মে দিবসের তাৎপর্য ধারণ করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এবং দিবসটির সার্বিক সফলতা কামনা করে।