শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. খোরশেদুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে লো ও হাই বেঞ্চসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া প্রান্তিক খামারিদের গবাদি পশুর রোগ প্রতিরোধে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) টিকা প্রদান কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।