1. কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  2. কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার সদ্য ঘোষিত আংশিক কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।
    বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
  3. বিক্ষোভকারীদের অবরোধের কারণে গৌরাঙ্গ বাজার তিন রাস্তার মোড়সহ আশপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
  4. বিক্ষোভকারীরা সদ্য ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের কমিটি’ আখ্যা দিয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
    এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. পাভেল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
    পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. পাভেল হাসান বলেন, সদ্য ঘোষিত কমিটি সিন্ডিকেটের মাধ্যমে গঠন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই এ কমিটি করেছেন বলে তাদের অভিযোগ। তারা এ কমিটি মেনে নেবেন না বলেও জানান।
  5. তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
    আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।