শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবুল হাশেম নামে এক মাহিন্দ্র ট্রাক্টর চালক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক সিএনজি যাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ৭টার দিকে নকলা পৌর শহরের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মালবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টর নকলা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে একটি সিএনজি চলে আসলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রটি সড়কের পাশে উল্টে যায়। এতে চালক আবুল হাশেম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় বাসটির ধাক্কায় সিএনজিটিও ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা এক যাত্রী গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করেছে পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।