কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে আরও সম্প্রসারিত করে আগামী পাঁচ বছরে সারাদেশে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি বছরই দেড় হাজার কিলোমিটার খাল খননের কাজ চলছে।

রোববার (১০ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া পর্যন্ত সংযোগ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

মন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন চলছে। কুড়িগ্রামে ইতোমধ্যে ৫টি খাল চিহ্নিত করা হয়েছে, যেখানে মোট ৭.২৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৬৪৭ টাকা।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি খালে মাছ চাষ এবং দুই তীরে বৃক্ষরোপণ করা গেলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, উত্তরাঞ্চল ও হাওর অঞ্চলে বজ্রপাতে প্রাণহানি কমাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নিরোধক দণ্ড স্থাপন এবং বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

এছাড়া তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুড়িগ্রামসহ তিস্তা তীরবর্তী এলাকায় নদীভাঙন অনেকাংশে কমে আসবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ভারতের নির্বাচন এই প্রকল্প বাস্তবায়নে কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

উদ্বোধন শেষে মন্ত্রী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।