কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কাচারী বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মিস সোহানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন (DDLG) উপ-সচিব জেবুনাহার শাম্মী, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, টেক অফিসার মোজ্জামেল হক, টিসিবির প্রতিনিধি, সাংবাদিক কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হচ্ছে। টিসিবির নির্ধারিত মূল্যে প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকায় বিক্রি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভোগান্তি কমাতে সরকার ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ করছে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রির খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে লাইনে দাঁড়ান। অনেকেই সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।