পটুয়াখালীর বাউফলে ব্যতিক্রমধর্মী এক উন্নয়ন কার্যক্রমের সূচনা হয়েছে। আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সরাসরি মাঠে নেমে কোদাল হাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার আদাবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মী ভাষা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে এমপির এমন সরাসরি অংশগ্রহণ স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রশংসার জন্ম দেয়।

প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষিজমিতে পানির প্রবাহ নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। একইসঙ্গে খালের নাব্যতা ফিরে আসায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “খাল, বিল ও নদীঘেরা বাউফলকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সম্মিলিত উদ্যোগই পারে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্ব করেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি নিজে মাঠে নেমে কাজের উদ্বোধন করায় সাধারণ মানুষের মাঝেও উন্নয়ন কাজে অংশগ্রহণের আগ্রহ বেড়েছে।