লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শোকাহত মা-বাবার খোঁজখবর নেন তিনি এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

মাত্র ২৬ বছর বয়সে প্রাণ হারান খাদিমুল ইসলাম। তিনি রেখে গেছেন ৫ বছর বয়সী এক কন্যা সন্তান। এছাড়া তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা, ফলে অনাগত সন্তান জন্মের আগেই হারালো বাবাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে গেলে গুলিবিদ্ধ হন খাদিমুল। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, সীমান্তে প্রাণহানি, মাদক চোরাচালান, পুশ-ইনের চেষ্টা এবং কর্মসংস্থানের সংকট দীর্ঘদিন ধরেই সীমান্তবাসীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় সীমান্ত এলাকায় মাদক সিন্ডিকেটের বিস্তার রোধ, স্থানীয় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। পাশাপাশি সীমান্তবাসীর জীবন, অধিকার ও মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বানও জানানো হয়।