কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে জনসাধারণকে আধুনিক ও সহজ ভূমিসেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত “ভূমিসেবা মেলা ২০২৬” পরিদর্শন করেছেন অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর হিসেবে মেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন এবং জেলা ইউনিট সদস্য ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফাইজুল হক উজ্জ্বল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মেলায় নেতৃবৃন্দ ভূমি সংক্রান্ত অনলাইন নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং নাগরিক সেবা কার্যক্রমের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে ভূমিসেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছে। তারা ভূমি অফিসের সেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ভূমি সেবার আধুনিকায়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে জনগণের দোরগোড়ায় আরও সহজে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।