স্টাফ রিপোর্টার:

শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

সমাবেশে বক্তারা বলেন, দেশে দিন দিন হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য বেড়ে চলেছে। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড জাতিকে নাড়া দিয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনলে সমাজে অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “রামিসার হত্যাকারীদের গ্রেফতার করো”, “সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করো”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ থেকে শিশু রামিসা হত্যাসহ সারাদেশে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।