চট্টগ্রামে শিশু রামিসা হত্যা, চাঁদাবাজি-সন্ত্রাসের বিস্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
শুক্রবার (২২ মে) বাদ জুমআ দুপুর দেড়টার দিকে নগরীর চকবাজারস্থ অলি খাঁ মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দীন এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।