শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও শিল্পপতি হাজ্বী মোঃ ফরহাদ হোসেনের উদ্যোগে প্রায় ১ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে মরিচপুরান চৌরাস্তা বাজার এলাকায় এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল আলু, পেঁয়াজ, চিনি, সাবান, সেমাই ও নুডলসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

অনুষ্ঠানে মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ ফকরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফুল মাহমুদ, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ হাফিজুল ইসলাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোঃ ফরহাদ হোসেন।
শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনের মাধ্যমে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান হাজ্বী মোঃ ফরহাদ হোসেন। একইসঙ্গে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান।