দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আযহার জামাতকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে ঈদের জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে বুধবার (২৭ মে) সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি।
এছাড়াও পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, জেলা প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শোলাকিয়া ঈদগাহ ময়দান এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবেন।
তিনি আরও জানান, ২ প্লাটুন বিজিবির নেতৃত্বে রয়েছেন মিজানুর রহমান চৌধুরী।
এ বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদ জামাত। জামাতে অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
আগামী ঈদুল আযহার দিন সকাল ৯টায় ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হবে এ জামাত।