পটুয়াখালীর বাউফলে কোরবানির পশুর অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক ফিল্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহা উপলক্ষে মাঠে বসানো অস্থায়ী গরুর হাটের বর্জ্য পরিষ্কারের মাধ্যমে অভিযানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান।

এসময় ড. মাসুদ বলেন, বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পাবলিক ফিল্ডে অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী। তিনি জানান, মাঠটি সাধারণ মানুষের হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এর পরিবেশ রক্ষা করা জরুরি।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি ‘গ্রীন বাউফল, ক্লিন বাউফল’ গড়ে তোলা। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন শহর বিনির্মাণে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।