কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত সজিব মিয়া (২০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের রাকু মিয়ার ছেলে।

জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে অনলাইন কেসিনো খেলা ও মাদকাসক্তিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা সজিব মিয়াকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললে তার মা, বড় ভাই সাকিব মিয়া ও মামা সাইফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে বড় ভাই সাকিব মিয়া ক্ষিপ্ত হয়ে সুড়কি দিয়ে সজিব মিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রৌমারী থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।