কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ পৌর শহরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, বসবাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরীতে পরিণত করার লক্ষ্যে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা।
পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে গৃহীত এ উদ্যোগের উদ্বোধন করা হয় সোমবার (২ জুন) দুপুর ১২টায়।

কিশোরগঞ্জ পৌরসভার কাচারীবাজার, কালীবাড়ী মোড়, গৌরাঙ্গবাজার, পুরানথানা, একরামপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় ডাস্টবিন স্থাপনের মাধ্যমে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিকদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ উদ্যোগের ফলে পৌর শহরের পরিবেশ আরও উন্নত হবে এবং পরিচ্ছন্ন নগরী গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।