কিশোরগঞ্জ প্রতিনিধি :

ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। একই সঙ্গে তারা ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান।
মঙ্গলবার (২ জুন) সকালে শহরের বড়বাজারে ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। তবে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির কারণে ব্যাংকটি সংকটের মুখে পড়ে। বর্তমানে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।


বক্তারা অভিযোগ করেন, ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ লুটপাটের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পুনরায় গুরুত্বপূর্ণ পদে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের আমানত আবারও ঝুঁকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে রক্ষা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে তাদের এ আন্দোলন শুরু হয়েছে। খুরশিদ আলমকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। একই সঙ্গে দেশের সব গ্রাহককে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গ্রাহকদের মধ্যে সৃষ্টি হওয়া উদ্বেগ ও অনিশ্চয়তা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ সময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।