গণবিরোধী ও লুটপাটের বাজেট আখ্যা দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পরপরই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রস্তাবিত বাজেটকে সাধারণ মানুষের স্বার্থবিরোধী উল্লেখ করে তা পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনকল্যাণমূলক ও বাস্তবসম্মত বাজেট প্রণয়ন জরুরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। বক্তারা সরকারের প্রস্তাবিত বাজেট সংশোধন করে জনবান্ধব ও জনগণের চাহিদা প্রতিফলিত হয়—এমন বাজেট ঘোষণার দাবি জানান।