কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরের অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১৫টি অবৈধ মাছ ধরার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, “হাওর অভয়াশ্রমিত এলাকায়/উপজেলায় ১৯ মে হতে ১৯ জুন পর্যন্ত সকল প্রকার মাছ ধরা বন্ধ” এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের সচেতন করতে প্রচারণাও চালান।

অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা জানান, প্রজনন মৌসুমে মাছ রক্ষা এবং হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সরকার নির্ধারিত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয়দেরও নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং হাওরের পরিবেশ সুরক্ষিত থাকে।