ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

সোমবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় বাংলাদেশ ও সুইডেনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে জুলাই সনদ, গণভোট, বিভিন্ন নীতিগত সংস্কার, প্রস্তাবিত জাতীয় বাজেট, কর কাঠামোর পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে সুইডেনের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।