ঢাকা, ২১ জুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ)-এ অবতরণ করে।

বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। আগমনের পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।