গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী।

শনিবার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের দাবি উত্থাপন করেন।