শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় মদের একটি বড় চালান নিয়ে একটি পিকআপ ভ্যান নালিতাবাড়ীর দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। ভোরে সন্দেহভাজন একটি হলুদ রঙের পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে ভ্যান থেকে নেমে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশ।
পরবর্তীতে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া মদের চালান এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।