বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা ১ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে তহমিনা বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তহমিনা বেগমের স্বামী নুরুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনেই বাড়িতে বসবাস করতেন। তাদের বাড়ির পাশে একটি পুকুর ও বেড় (নিম্নাঞ্চলের জলাশয়) রয়েছে।

ঘটনার দিন দুপুরে খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনই এক প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর তহমিনা বেগম বাড়িতে ফিরে হাঁসের খাবার দিতে যান। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, হাঁসকে খাবার দেওয়ার সময় হঠাৎ মৃগীরোগজনিত খিঁচুনিতে ভারসাম্য হারিয়ে তিনি পাশের বেড়ে পড়ে যান।

এদিকে, স্বামী নুরুল হক বাড়িতে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেড়ের পানিতে তাকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহমিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনাটি কেউ প্রত্যক্ষ না করায় দীর্ঘ সময় তিনি পানিতে পড়ে ছিলেন। ফলে তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এ মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

আবুল বশার,
বরগুনা প্রতিনিধি: নিউজনগর