শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে নানার কর্মস্থল বিদ্যালয়ে যাওয়ার পর দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের কন্যা। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। একপর্যায়ে তাকে বাদাম খেতে দেওয়া হলে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে শিশুটি হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিস্থিতির অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার, স্বজন এবং এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি অসাবধানতাবশত ঘটে যাওয়া দুর্ঘটনায় নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যু সবাইকে শোকাহত করেছে।

 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি//