কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বহুল আলোচিত ওয়াহিদুল ইসলাম বলৎকার ও হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং মরদেহ সনাক্তকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার।


পুরস্কারপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা হলেন মোঃ আব্দুর রহিম ও সাহাবউদ্দিন। মামলার তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের তথ্যগত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে সক্ষম হয়। তাদের সহায়তায় ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র উদঘাটিত হয়, যা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার, , তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পুলিশ সুপার বলেন, “অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহসিকতা, দায়িত্ববোধ ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, সমাজে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এ ধরনের কার্যকর অংশগ্রহণ ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, দুই গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করায় স্থানীয় জনগণ ও বিভিন্ন মহল জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, মাঠপর্যায়ে দায়িত্বশীল ও সাহসী সদস্যদের যথাযথ মূল্যায়ন অন্যদেরও জনসেবামূলক কাজে উৎসাহিত করবে।
উল্লেখ্য, ওয়াহিদুল ইসলাম বলৎকার ও হত্যা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার পর জেলা পুলিশ ও চকরিয়া থানা পুলিশের তৎপরতায় মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।