বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রতিবেশী দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য । তিনি বলেছেন, বাংলাদেশ যেমন নিজের ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দিতে চায় না, তেমনি দেশের অভ্যন্তরীণ বিষয়েও কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বাজেট-পরবর্তী সংসদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, “বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক, সেটা আমরা চাই না। একইসঙ্গে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, সেটাও চাই না।” তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপমুক্ত সম্পর্ককে গুরুত্ব দেয়।
বক্তব্যে ভারতের বিভিন্ন স্থানে মসজিদ ভাঙার ঘটনা উল্লেখ করে নূরুল ইসলাম মণি বলেন, “ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়? বিষয়টি নিয়েও আলোচনা ও মূল্যায়ন হওয়া প্রয়োজন।”
প্রধানমন্ত্রী -এর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক সম্পর্কের অগ্রযাত্রাকে প্রতিবেশীরা কীভাবে দেখছে, তা তাদের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হয়ে ওঠে।”
এ সময় তিস্তা মহাপরিকল্পনাকে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, “এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং কৃষি, সেচব্যবস্থা এবং পানি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে লাখো মানুষের জীবনমান উন্নয়নের একটি জাতীয় কর্মসূচি। প্রধানমন্ত্রী এ প্রকল্প বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

 

আবুল বশার, বরগুনা নিউজ নগর