সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নতুন একটি শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’ আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় থাকতে পারে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, ৫ জুলাইয়ের মধ্যে বৃষ্টি বলয় ‘ধারা’ বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং ১৩ জুলাই পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এ বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে মাঝারি মাত্রার এবং রংপুর ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে ‘ধারা’ বৃষ্টি বলয়টি কতটা শক্তিশালী হবে বা কী পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই হালনাগাদ পূর্বাভাস দেওয়া হবে।

এর আগে চলতি বছরের মার্চে ‘গোধূলী’ এবং এপ্রিলের শেষ দিকে ‘ঝুমুল’ নামে দুটি বৃষ্টি বলয় দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল। ওই সময় দেশের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ও ঝড়ো হাওয়ার ঘটনা ঘটে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা সম্ভাব্য ভারী বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

 

নিউজনগর/ আবুল বশার