স্টাফ রিপোর্টার
আবুল বশার বরগুনা।
বরগুনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে রবিবার (৫ জুলাই ২০২৬) পাথরঘাটা থানা পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। থানায় আগত সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ, মামলা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনসেবার মান এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পাথরঘাটা এবং পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থী যেন হয়রানিমুক্ত, দ্রুত ও মানবিক সেবা পান, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের আস্থা অর্জনে আন্তরিকতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক উল্লেখ করে এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।