পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৃথক গ্রামের দুই খালাতো ভাই প্রায় ১৫ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে দুই পরিবারের। সন্তানের ফিরে আসার আশায় মানবিক সহযোগিতা চেয়ে সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে মো. ইয়ামিন হাওলাদার (১৩) ও তার খালাতো ভাই সোলেমান হাওলাদার (১২) নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান চালিয়েও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ ইয়ামিন হাওলাদারের পিতা মো. সুমন হাওলাদার ও মাতা জহুরা বেগম। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো শার্ট ও জিন্সের প্যান্ট। তার বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে।অপরদিকে, সোলেমান হাওলাদারের পিতা মো. আল আমিন হাওলাদার ও মাতা রোজিনা বেগম। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনেও ছিল কালো শার্ট ও জিন্সের প্যান্ট। তার বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ফুলতলা গ্রামে।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৫৫, তারিখ ২৮ জুন ২০২৬।
স্বজনরা জানান, প্রতিটি মুহূর্ত তাদের জন্য দুঃস্বপ্নের মতো কাটছে। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। যদি কোনো ব্যক্তি নিখোঁজ দুই কিশোরের সন্ধান পেয়ে থাকেন অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা ইয়ামিনের মা জহুরা বেগমের মোবাইল নম্বর ০১৪০৯১৫৮৫৯৫-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
পরিবারের ভাষ্য, একটি সামান্য তথ্যও তাদের সন্তানদের ফিরে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পরিবার বলছে— ‘ফিরে আসুক আমাদের সন্তান’, তথ্য দিতে সবার প্রতি আহ্বান
নিউজ নগর /আবুল বশার