শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানী শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মিলনায়তনে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে আয়োজিত এ বৈঠকে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, গুজব, ইভটিজিং এবং প্রতিহিংসামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বরুয়াজানী শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ সিকানদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে নালিতাবাড়ী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান, কাকরকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ফজর আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বরুয়াজানী শহীদ মুক্তিযোদ্ধা কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আলম, বিএনপি নেতা ছোবান আলী ও নুর ইসলাম, কাকরকান্দি বাজার পরিচালনা কমিটির সদস্য আবু শামা, যুবনেতা সামছুজ্জামান সাগর, শহর আলী, জয়নাল ও আছমত আলী, ছাত্রনেতা ইউছুফ আলী দেওয়ান, ইউপি সদস্য তাজিকুল ইসলাম উজ্জ্বল এবং বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জামায়াত নেতা এ কে এম কাজী নজরুল ইসলাম।
এ সময় চ্যানেল এস-এর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিলন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাকরকান্দি ইউনিয়নের বিট অফিসার এসআই চন্দন চন্দ্র সরকার।
বক্তারা বলেন, সামাজিক অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত সবাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।