চকরিয়া প্রতিনিধি: টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে রোববার (১২ জুলাই) সকালে দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান। তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা জামাল হোছাইন নুরী, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন আহমদ বাবর, অধ্যাপক আবু নঈম আযাদ, সরওয়ার কামাল, জামায়াত নেতা মাওলানা শেখ আহমদ, জুনাইদ সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।