কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।
গ্রেপ্তারকৃত নারী মোরশেদা আক্তার (২২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দশত জালিয়া পাড়া এলাকায় মো. মেরাজ মিয়ার সুমাইয়া জিপসাম ও আর সিসি ডিজাইনের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘শ্যামল ছায়া’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মোরশেদা আক্তারকে আটক করে তার কাছ থেকে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত মোরশেদা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।