কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী মাঝের আলগা নদী এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ১০টি ভারতীয় ষাঁড় গরু ও একটি বড় ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ৩৫ বিজিবি, জামালপুর ব্যাটালিয়নের সাহেবের আলগা বিওপির টহল দল সুবেদার মো. ইদ্রীসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১০৫১/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঝের আলগা নদী এলাকায় পরিচালিত হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় কোনো মালিক বা পাচারকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে আসামিবিহীন অবস্থায় ১০টি ভারতীয় ষাঁড় গরু এবং একটি বড় ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত গরুগুলোর মধ্যে শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের ষাঁড় রয়েছে। এছাড়া একটি বড় ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত গরু ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।