কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

সাপ্তাহিক প্রিন্ট ও অনলাইন মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম নিউজনগর-এর ২ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নিউজনগর পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ কে নাছির খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আবু হানিফ, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর শাখার আমির নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খালেদ হাসান জুম্মন এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা ও ৮ নম্বর মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাদিকুল ইসলাম সাদেক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং কিশোরগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমের অবদান নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরে। এ ক্ষেত্রে নিউজনগরের দুই বছরের পথচলাকে তারা স্বাগত জানান।

অনুষ্ঠানে নিউজনগরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতে আরও পেশাদার, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।