শেরপুর জেলা প্রতিনিধি:

‎শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অপরদিকে, নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার নয়াবিল, রামচন্দ্রকুড়া ও কলসপাড় ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
‎আত্মহত্যা করা দুই নারী হলেন—নয়াবিল এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে শাকিলা (১৬)।
‎স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে তার মেয়ের বাড়িতে বসবাস করছিলেন। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি সবরি গাছের সঙ্গে ওড়না দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
‎অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে তন্তর গ্রামের নিজ ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেন শাকিলা (১৬)। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎এদিকে, উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
‎নিহত রোহান ওই গ্রামের হজরত আলীর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। ইসমাইল একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
‎স্বজন ও স্থানীয়রা জানান, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময়েও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
‎সোমবার ভোরে স্থানীয় একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
‎স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝেমধ্যে ওই এলাকার জলাশয়ে মাছ ধরতে নামত। তারা ভালোভাবে সাঁতার জানত না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে।
‎নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই নারী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এবং দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।